https://www.emjanews.com/

18918

national

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০০

আপডেট

২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০১

জাতীয়

দিনে ৫ হাজার ভিসা দিচ্ছে ভারত, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবং শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে বিশেষ বিজনেস-টু-বিজনেস (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রস্তাব দেন।

বৈঠকে পাওয়ানকুমার বাধে বলেন, দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রস্তাবিত টাস্কফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে ভারতীয় হাইকমিশন দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা করছে বলেও জানান তিনি। এ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি খাত, বিশেষ করে এফবিসিসিআইয়ের সহযোগিতা চান তিনি।

ভিসা প্রসঙ্গে ভারতের ডেপুটি হাইকমিশনার বলেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সাম্প্রতিক সময়ে সহজ করা হয়েছে। বর্তমানে ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে বলে জানান তিনি।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি নিয়েও আলোচনা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ১০ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে ভারতে বাংলাদেশের রপ্তানি ছিল ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। ফলে ওই অর্থবছরে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় প্রায় ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার।

তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। জুলাই ও আগস্টে বাংলাদেশ ভারতীয় বাজারে ৩৩৫ দশমিক ২ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৬৭ শতাংশ বেশি।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, যৌথ টাস্কফোর্স গঠন হলে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে উদীয়মান ও সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়াতে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।