https://www.emjanews.com/

18893

national

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৯

আপডেট

২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৩

জাতীয়

এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৯

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার সোমবার দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, আসামিদের আদালতে নেওয়া হচ্ছে।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর রাতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একই রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, একজন সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি স্পিকারকে অবহিত করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা ফজলুল করিম বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামির রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই ঢাকার একটি হোটেলে গাজী নজরুল ইসলাম ও মরিয়মের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গাজী নজরুল ইসলাম নিজেই ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে স্বীকার করেন। ঘটনায় সাংগঠনিক তদন্ত শেষে ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।