ছবি: ইমজা নিউজ
সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগী মাস্টারপ্ল্যান বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাইওরপুলে সিউকের কার্যালয়ের সভাকক্ষে সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট অনলাইন প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) নেতৃবৃন্দের সঙ্গে সিউকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। সিউকের নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদ সভা সঞ্চালনা করেন।
সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান বলেন, ‘সিলেটকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিউক কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, আবাসন প্রকল্প বাস্তবায়নে ‘গ্রিন ইকো হাউজিং প্রজেক্ট’কে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী খেলার মাঠ, বনায়ন, উন্মুক্ত স্থানসহ পরিবেশবান্ধব বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে সিউকের কার্যক্রম পরিচালনা করা হবে।
ঐতিহ্য সংরক্ষণ ও মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ গুরুত্বপূর্ণ উল্লেখ করে কয়েস লোদী বলেন, গণমাধ্যমের সহযোগিতা সিউকের পথচলাকে আরও সুসংহত করবে।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সিলেটের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সিলেটের পরিকল্পিত উন্নয়নে সিউকের ইতিবাচক উদ্যোগে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তারা।
সভায় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিভাগীয় প্রতিনিধি ইকরামুল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সময় টিভির বিশেষ প্রতিনিধি একরামুল কবির, দৈনিক যুগান্তরের সংগ্রাম সিংহ, দৈনিক ইনকিলাবের ফয়সল আমীন, কালবেলার মিঠু দাস জয়, ডিবিসির প্রত্যুষ তালুকদার, বাংলা টিভির কাইয়ুম উল্লাস, মাছরাঙ্গা টিভির শুভ্র দাস, এটিএন নিউজের কামরুল ইসলাম মাহী, এখন টিভির সমীরণ দাস, চ্যানেল আইয়ের সাদিকুর রহমান সানী, প্রথম আলোর মানবধী সিংহ, বিডিনিউজ২৪-এর বাপ্পা ঘোষ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দেবাশীষ দেব এবং সিলেটের মানচিত্রের সম্পাদক ফয়সল আহমদ বাবলুসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
