সিলেট বিভাগে নতুন করে আরও ৮ জনের দেহে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়। তাদের ভাষ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে চলতি বছরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগজুড়ে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস প্রজাতির মশার মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রয়েছেন।
চলতি বছর সিলেট বিভাগে মোট ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪৮ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ জন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন।
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে যেসব ৩ জনের মৃত্যু হয়েছে, তারা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, অন্যান্য বছরের মতো এ বছরও ডেঙ্গু শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জ জেলায়। সেখানে শনাক্ত হয়েছেন ১৪৭ জন। এছাড়া সুনামগঞ্জে ৭৭ জন, সিলেটে ৭৪ জন এবং মৌলভীবাজারে ৩৭ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শনাক্তদের মধ্যে সিলেট বিভাগের বাইরে থেকে আসা রোগী রয়েছেন ১৩ জন।
