ছবি: ইমজা নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা এলাকায় সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা-বাগানের বাসিন্দা অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৪) ও পাপ্পু নায়েক। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ‘আলম এশিয়া’ নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাপায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সিএনজির ভেতর থেকে তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের মধ্যে একজনের পা ভেঙে যায়।
তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখনো তাদের কোনো স্বজন হাসপাতালে আসেননি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই তিনজনকে সিএনজিতে করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
