সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ বছর উপজেলার ২২টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, ২২টি পূজামণ্ডপের মধ্যে জয়কলস ইউনিয়নে ৭টি, পশ্চিম পাগলায় ৪টি, পশ্চিম বীরগাঁওয়ে ৪টি, পূর্ব বীরগাঁওয়ে ২টি, দরগাপাশায় ২টি এবং পূর্ব পাগলা, পাথারিয়া ও শিমুলবাক ইউনিয়নে একটি করে পূজামণ্ডপ রয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরিসহ আনুষঙ্গিক প্রস্তুতির কাজ শুরু হয়েছে। পূজার দিনগুলোতে ভক্তরা দেবী দুর্গার পায়ে অঞ্জলি দেবেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব পালন করবেন।
পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী পূজামণ্ডপের সাধারণ সম্পাদক শৈলন সূত্রধর বলেন, ‘ইতোমধ্যে আমরা প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রতিমার নিরাপত্তায় তারা সার্বিকভাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।’
শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রনজিত সূত্রধর ও সদস্য সচিব রমা সূত্রধর বলেন, গত বছর উপজেলায় ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল। এ বছর মণ্ডপের সংখ্যা বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ বলেন, ‘পূজা উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছে। পুলিশ সুপার স্যারের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।’
