দুই মাসেও শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে যোগদান করানো সম্ভব হয়নি, নিয়োগ বাতিল
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ২১:০৮
অধ্যাপক শাহ মো. আতিকুল হক।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হকের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগ পাওয়ার পরও ওই পদে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করে আবেদন করায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁর নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হককে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছিল সরকার। তবে নিয়োগের খবর প্রকাশের পর থেকেই তিনি ওই পদে যোগ দিতে অনিচ্ছার কথা জানিয়ে আসছিলেন। ফলে দুই মাস পেরিয়ে গেলেও তাঁকে কোষাধ্যক্ষ পদে যোগদান করানো সম্ভব হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ১৭ আগস্ট জারি করা নিয়োগ প্রজ্ঞাপনের শর্ত এবং অধ্যাপক শাহ মো. আতিকুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে তাঁর নিয়োগ বাতিল করা হলো।
নিয়োগ বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার দাবি, অধ্যাপক আতিকুল হক উপ-উপাচার্য পদে নিয়োগপ্রত্যাশী ছিলেন। তবে ওই পদে তাঁকে নিয়োগ না দিয়ে উপাচার্যের পছন্দের একজনকে নিয়োগ দেওয়া হয়। এ কারণে তিনি কোষাধ্যক্ষ পদে যোগ দিতে অনীহা প্রকাশ করেন বলে ওই কর্মকর্তা দাবি করেন। তাঁকে যোগদানের জন্য কয়েকবার প্রস্তাব দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে অধ্যাপক আতিকুল হক বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং মন্ত্রণালয়েও ইমেইলের মাধ্যমে চিঠি দিয়েছি। আমি আসলে এই পদ চাই না। এই পদে যোগ দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি একজন অধ্যাপক হিসেবে যেখানে আছি, সেখানেই আমার কাজটি করে যেতে চাই।’
এর আগে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টেও কোষাধ্যক্ষ পদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি।
ওই পোস্টে অধ্যাপক আতিকুল হক লেখেন, ‘সবাইকে বলছি, দয়া করে আমাকে অভিনন্দন জানাবেন না। এটি কোনো আনন্দের বিষয় নিয়ে লেখা পোস্ট নয়। আমি আপনাদের আরও জানাতে চাই যে, আমি কোষাধ্যক্ষ হিসেবে এখনো যোগ দিইনি এবং যোগ দেওয়ার কোনো ইচ্ছাও আমার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আমার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।’
পোস্টে তিনি আরও লেখেন, নানা জটিলতা, মানসিক দ্বন্দ্ব ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার পর তাঁর মনে হয়েছে, যে কাজে তিনি স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি বোধ করেন, সেটিই চালিয়ে যাওয়া শ্রেয়। ২০০৬ সালে প্রভাষক হিসেবে শুরু করা শিক্ষকতার কাজ তিনি উপভোগ করেন বলেও উল্লেখ করেন।
নিজের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়োগ বাতিলের মধ্য দিয়ে শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে অধ্যাপক শাহ মো. আতিকুল হকের নিয়োগ-প্রক্রিয়ার অবসান ঘটল।
