শ্রীমঙ্গলে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু, সিলেটে চিকিৎসাধীন পরিবারের ৩ সদস্য
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ২১:৫৪
ছবি: ইমজা নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী শিশু জায়ানের মৃত্যু হয়েছে। একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়কের পাশের গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন লইয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মসজিদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন জায়ানের বাবা আব্দুল মুহিত দিপু, আট বছর বয়সী ভাই আয়ান এবং দাদি শামছুন নাহার (৭০)।
স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ কাটানোর সময় প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশের একটি গাছে সজোরে আঘাত করে। এতে গাড়িতে থাকা একই পরিবারের চারজন আহত হন। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-গ ১১-৮২৬৩।
খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। তাঁদের প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে শিশু জায়ানের অবস্থা আশঙ্কাজনক ছিল।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জায়ানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার দাদি শামছুন নাহারের দুই পা এবং ভাই আয়ানের এক পা ভেঙে গেছে। বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। পরে আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।