সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পাঁচটি সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় এসব অভিযান চালায়। তবে কাউকে চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় টমেটো, কম্বল, মাল্টা, আপেল, কমলা, জিরা, প্রসাধনসামগ্রী, চকলেট ও আলু। এসব পণ্যের আনুমানিক জব্দমূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপপুর, ডিবিরহাওর, বিছনাকান্দি, সংগ্রাম ও পান্থুমাই সীমান্ত ফাঁড়ির দায়িত্বাধীন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
