সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে। মৃতদের বেশিরভাগই শিশু।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুই শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বয়স দেড় বছর ও ৯ মাস। তাদের বাড়ি হবিগঞ্জ ও সিলেট জেলায়।
চিকিৎসকরা জানান, শিশু দুটি অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১১১ জন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭ জনে।
চিকিৎসকদের ভাষ্য, হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের বেশিরভাগই টিকা পায়নি। পাশাপাশি তাদের অনেকেই অপুষ্টি, হৃদরোগ, নিউমোনিয়া ও জন্ডিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।
