ছবি: এসআরবি-৯
সিলেটের শাহপরাণ (রহ.) থানার সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে একটি পুরাতন বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শাহপরাণ (রহ.) থানার খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলইপাড়ার একটি রাবার বাগানে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৯ জানায়, রাবার বাগানের ভেতরে তল্লাশির একপর্যায়ে ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটির বাট ছিল না। দুটি এয়ারগানের মধ্যে একটিরও বাট ছিল না।
তবে এসব অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
