সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচকে সামনে রেখে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
রোববার (২৫ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ম্যাচ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজন, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া ম্যাচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সবার আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আন্তর্জাতিক এ ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ এ সিরিজের প্রতিদিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। প্রথম টেস্ট শেষে ২ নভেম্বর দুই দলের সিলেটে আসার কথা রয়েছে।
