ছবি: ইমজা নিউজ
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ ২০২৬-এর বাছাই পর্ব শুরু হয়েছে।
রোবরাব (২৫ অক্টোবর) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী।
বাছাই পর্বে ঢাকা মহানগরীর সাতটি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ পর্বের খেলা চলবে। বাছাই পর্বের মাধ্যমে মূল পর্বে অংশগ্রহণের জন্য যোগ্য দল নির্বাচন করা হবে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম বলেন, ‘দেশে ভলিবলের উন্নয়ন ও জনপ্রিয়তা বাড়াতে ক্লাব পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের লিগের মাধ্যমে নতুন খেলোয়াড়েরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলার মধ্য দিয়ে দক্ষ খেলোয়াড় তৈরি হবে, যা ভবিষ্যতে জাতীয় দলের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘ক্লাব পর্যায়ে ভলিবলের চর্চা বাড়ানো এবং খেলোয়াড়দের জন্য আরও বেশি প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে ফেডারেশন কাজ করছে। এ আয়োজনের মাধ্যমে দেশের ভলিবল অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে আমরা আশাবাদী।’
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে ঢাকার ক্লাব পর্যায়ে ভলিবলের প্রতিযোগিতামূলক পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি খেলাটির মানোন্নয়ন, নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ের জন্য খেলোয়াড় তৈরিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
