সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটানোর পর এক তরুণীকে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৯ ও এসআরবি-১১-এর যৌথ দল এ অভিযান চালায়।
গ্রেফতার জাহিদুল ইসলাম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইব্রাহিম মিয়া।
এসআরবি জানায়, প্রায় এক বছর আগে একই গ্রামের ২৪ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় জাহিদুলের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন ওই তরুণী স্বামীর সংসার করছিলেন। জাহিদুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটাতে প্ররোচিত করেন। তার আশ্বাসে বিশ্বাস করে প্রায় ছয় মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান ওই তরুণী।
এরপর বিয়ের আশ্বাস দিয়ে তাকে সিলেট শহরসহ বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। গত ১৩ অক্টোবর সন্ধ্যার পর জাহিদুল ওই তরুণীকে সঙ্গে নিয়ে কালিকৃষ্ণপুরে তার মামা নজমুল মিয়ার বাড়িতে যান। সেখানে রাতে অবস্থানকালে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বিয়ের বিষয়ে জানতে চাইলে জাহিদুল জানান, কয়েক দিনের মধ্যে তিনি প্রবাসে চলে যাবেন। দেশে ফিরে তাকে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। তবে প্রবাসে যাওয়ার আগেই বিয়ে করার জন্য চাপ দিলে একপর্যায়ে তিনি সরাসরি অস্বীকৃতি জানান।
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ১৫ অক্টোবর গোলাপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার একমাত্র এজাহারনামীয় আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেট এবং এসআরবি-১১, সিপিএসসি, নরসিংদীর যৌথ দল নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেফতার করে। পরে তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
