সিলেটে ভাতিজির সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে যুবককে হত্যার অভিযোগ
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১৮:৪৫
সাইফুর রহমান
সিলেটের ওসমানীনগরে ভাতিজির সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে সাইফুর রহমান (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার বাবা সেজু আহমদের বিরুদ্ধে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের শেরপুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে জারা বেগমের (১৯) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল সাইফুরের। সম্পর্কে জারা তাঁর দূরসম্পর্কের ভাতিজি।
প্রায় চার মাস আগে জারাকে নিয়ে পালিয়ে যান সাইফুর। বিষয়টি মেনে নিতে পারেনি জারার পরিবার। পরে দুই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের মধ্যস্থতায় জারাকে তাঁর বাবা সেজু আহমদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় ভবিষ্যতে এ বিষয় নিয়ে কোনো বিরোধে না জড়াতে দুই পরিবারকে অনুরোধ করেন মধ্যস্থতাকারীরা।
নিহতের পরিবারের দাবি, সোমবার রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে একটি ফোনকল পেয়ে শেরপুর টোলপ্লাজা এলাকায় যান সাইফুর। সেখানে স্থানীয় লুৎফুর রহমানের মালিকানাধীন আফাজ ভ্যারাইটিজ স্টোরে বসে গল্প করছিলেন তিনি। এ সময় জারার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে সেজু আহমদ ধারালো ছুরি দিয়ে সাইফুরকে উপর্যুপরি আঘাত করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সাইফুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে ঘটনার পর স্থানীয় লোকজন কিছু সময়ের জন্য সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতের ভগ্নিপতি সরাজ মিয়া বলেন, সাইফুরের সঙ্গে সেজু আহমদের মেয়ে জারা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। চার মাস আগে জারাকে নিয়ে পালিয়ে যাওয়ার পর দুই পরিবারের মধ্যস্থতায় তাঁকে বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি মীমাংসা হওয়ার পরও পূর্বশত্রুতার জেরে সোমবার রাতে শেরপুর টোলপ্লাজায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে সাইফুরকে হত্যা করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মঙ্গলবার রাতে সাইফুর রহমানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
