মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটের রাজনের, পিতৃহারা ২৬ দিনের শিশু
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ১৭:৪৫
রাজন বিশ্বাস
মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাস (২৬) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মাত্র ২৬ দিন আগে দেশে তাঁর ঘরে জন্ম নিয়েছিল পুত্রসন্তান। সন্তানকে একবার কোলে নেওয়া কিংবা বাবার আদর দেওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন রাজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়ার বান্টিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন বিশ্বাস সিলেটের জকিগঞ্জ উপজেলার ভূষণ রাম বিশ্বাসের ছেলে। জীবিকার সন্ধানে ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রাজন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন রাজন। পথে বান্টিং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চলন্ত লরির পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে বান্টিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ রাজনের স্ত্রী ও স্বজনেরা। মাত্র ২৬ দিনের শিশুসন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাঁর স্ত্রী। যে সন্তানের ভবিষ্যৎ গড়তে বিদেশের মাটিতে পরিশ্রম করছিলেন রাজন, সেই সন্তানই বাবার স্নেহ-স্পর্শ পাওয়ার আগেই পিতৃহারা হলো।
এদিকে রাজন বিশ্বাসের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জরুরি সহযোগিতা কামনা করেছে তাঁর শোকাহত পরিবার। পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে হাইকমিশনের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে।
