ছবি: সংগৃহীত
জমি ও স্থাবর সম্পত্তির নিবন্ধনে দীর্ঘদিনের মৌজা মূল্য প্রথার অবসান ঘটিয়েছে সরকার। এখন থেকে জমির সর্বনিম্ন নির্ধারিত মূল্য নয়, বরং প্রকৃত বাজারমূল্য বিবেচনায় সম্পত্তির দাম নির্ধারণ করা হবে। এ উদ্যোগের লক্ষ্য কর ফাঁকি ও অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ কমানো এবং সরকারের রাজস্ব আয় বাড়ানো।
নতুন নিয়মে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিন স্তরের কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করবে। নির্ধারিত মূল্যতালিকা একটানা তিন বছর কার্যকর থাকবে।
গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’-এ সংশোধনী এনেছে সরকার। সংশোধিত বিধিমালা থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে এখন থেকে কমিটিগুলোকে সম্পত্তির ন্যূনতম মূল্য নয়, প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, আগের পদ্ধতিতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য প্রতিফলিত হতো না। মৌজা মূল্যের ভিত্তিতে সম্পত্তির দাম নির্ধারণ করায় তা সাধারণত বাজারদরের চেয়ে অনেক কম থাকত। এতে প্রকৃত বাজারমূল্য ও দলিলে দেখানো মূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হতো। এই সুযোগে কর ফাঁকি ও অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছিল।
তিনি বলেন, নতুন পদ্ধতির মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প শুল্ক থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১১ হাজার ৭৫৩ কোটি টাকা।
নতুন বিধিমালা বাস্তবায়নে তিন স্তরে কমিটি গঠন করা হয়েছে। সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। এর সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার।
পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণ করবে জেলা কমিটি। এর নেতৃত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি)। অন্যদিকে, এসব এলাকার বাইরে থাকা জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি। এ কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।
জমির ধরন, ব্যবহার, অবস্থান, সড়ক যোগাযোগব্যবস্থা এবং আশপাশের অবকাঠামোগত সুবিধা বিবেচনায় নিয়ে কমিটিগুলো সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করবে।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জানান, প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ মূল্যায়ন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণের এ পদ্ধতি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কার্যকর থাকবে। সরকার এখন বাজারভিত্তিক মূল্য নির্ধারণের দিকে এগোচ্ছে।
এ লক্ষ্যে জমির পরিমাপ, মালিকানা, বাজারদর ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়নের মাত্রাসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় অনলাইন মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করছে সরকার।
এমদাদুল হক চৌধুরী বলেন, প্রস্তাবিত অনলাইন ব্যবস্থাটি নির্দিষ্ট কিছু মানদণ্ড ও সূত্রের ভিত্তিতে কাজ করবে। এতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে। ব্যবস্থাটি তৈরি করতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।
তাঁর মতে, বর্তমান কমিটিভিত্তিক পদ্ধতি অন্তর্বর্তী সমাধান। দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় প্রযুক্তিনির্ভর অনলাইন মূল্যায়ন ব্যবস্থা চালু হলে সেটিই বর্তমান পদ্ধতির জায়গা নেবে।
