১৯২৮ সালে প্রতিষ্ঠিত সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হচ্ছে। এ উপলক্ষে ২০২৮ সালের ৬, ৭ ও ৮ জানুয়ারি তিন দিনব্যাপী শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্র-শিক্ষক মহামিলনমেলার আয়োজন করা হবে।
এ আয়োজনের আনুষ্ঠানিক সূচনা এবং শতবর্ষ উদযাপনের লোগো ও স্লোগান উন্মোচন উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর। তিনি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. বদরুজ্জামান সেলিম, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসেন, রাজনীতিবিদ জাকির আহমদ, সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্তী, অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সাবেক শিক্ষক অরূপ কুমার সেন, করিম উল্লাহ গ্রুপের আতাউল্লাহ শাকের, ব্যবসায়ী আব্দুল মঈন কয়ছর, মো. কাওছার জাহান ও ফরিদ ককস্, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রানা কুমার সিনহা, মেজর আমিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমশের আলী।
শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ ও সদস্য সচিব অভিমন্যু ভট্টাচার্য এক আমন্ত্রণবার্তায় জানান, ১৯২৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি দীর্ঘ পথচলায় জ্ঞান, মানবিকতা, নৈতিকতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অসংখ্য কৃতী শিক্ষার্থী তৈরির পাশাপাশি বিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অবদান।
তারা জানান, শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ প্রত্যাশা করছেন তারা। এ আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও অর্জনকে উদযাপনের পাশাপাশি প্রাক্তনদের মধ্যে পুনর্মিলনের সুযোগ তৈরি হবে।
