শিরোনাম
সিলেটের কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেটের শিক্ষার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর হঠাৎ ঢাকায় পিটার হাস, সফর ঘিরে কৌতূহল সিলেটে বিপুল বি/স্ফো/রক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা সিলেটের স্বাস্থ্যখাতে আসছে বড় পরিবর্তন, হবে একাধিক হাসপাতাল শতবর্ষে পা রাখছে এইডেড হাই স্কুল: আজ লোগো ও স্লোগান উন্মোচন শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ সিলেটে রিসোর্টকাণ্ড: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

https://www.emjanews.com/

20561

opinion

প্রকাশিত

১৪ নভেম্বর ২০২৬ ২২:২৮

আপডেট

১৪ নভেম্বর ২০২৬ ২২:৩০

মতামত

দেবী কি শব্দের কোলাহলে আবির্ভূত হন?

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ২২:২৮

ছবি: সংগৃহীত

আতশবাজি আর শব্দবাজির বিকট বিস্ফোরণেই যদি দেবিকুলের আরাধনা সম্পন্ন হতো, তাহলে লাল জবা, ১০৮ পদ্ম, বেলপাতা আর ভক্তির অর্ঘ্য সাজানোর প্রয়োজন কী ছিল? মাকে আহ্বান করার জন্য যদি ডিজে মিউজিকের উচ্চকিত উন্মত্ততাই অপরিহার্য হতো, তাহলে চণ্ডীপাঠ, স্তোত্রপাঠ, মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি আর ঢাকের পবিত্র অনুরণন যুগ যুগ ধরে পূজার অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে থাকত কেন?
প্রশ্নগুলো সহজ, কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য গভীর।

পূজা কি শব্দের প্রতিযোগিতা, নাকি আত্মনিবেদনের এক পবিত্র অনুশীলন? দেবীর আরাধনা কি আলোকসজ্জা, আতশবাজি আর উচ্চমাত্রার শব্দের আস্ফালনে পরিমাপ করা যায়? ধর্মীয় উৎসবের সৌন্দর্য কি অন্যের শ্রবণসীমা বিপর্যস্ত করে নিজের উল্লাসের প্রকাশ ঘটানোয়?

দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক পূজামণ্ডপে আজ আরাধনার চেয়ে প্রদর্শনপ্রবণতা অধিক দৃশ্যমান। ভক্তির অন্তর্লীন আবহকে ছাপিয়ে যাচ্ছে ডিজের উচ্চকিত সংগীত, অসংযত শব্দবর্ধক যন্ত্র আর আতশবাজির প্রতিযোগিতা। কোথাও কোথাও মনে হয়, কে কত বেশি শব্দ উৎপন্ন করতে পারে, সেটিই যেন উৎসবের সাফল্যের মাপকাঠি!

অথচ পূজার প্রকৃত সৌন্দর্য নিহিত থাকে তার সংযমে, শুচিতায় এবং আধ্যাত্মিক আবহে। চণ্ডীপাঠের প্রতিটি শ্লোক, স্তোত্রের প্রতিটি পঙ্ক্তি, শঙ্খের প্রতিটি ধ্বনি কিংবা ঢাকের প্রতিটি ছন্দ আমাদের ধর্মীয় ঐতিহ্যের স্বতন্ত্র নান্দনিকতা বহন করে। এগুলো কেবল বাদ্যিক অনুষঙ্গ নয়; এগুলোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের বিশ্বাস, সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয়।

একবার ভেবে দেখা প্রয়োজন, আমাদের এই উল্লাসের শব্দে কতজন অসুস্থ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন, কত শিশু আতঙ্কিত হয়, কত প্রবীণ মানুষ স্বস্তি হারান, কত শিক্ষার্থীর পড়াশোনায় বিঘ্ন ঘটে, কত প্রাণী-পাখি অস্থির হয়ে পড়ে। নিজের আনন্দ উদ্‌যাপনের অধিকার নিশ্চয়ই আছে; কিন্তু সেই আনন্দের অভিঘাতে অন্যের স্বাভাবিক জীবন বিপর্যস্ত করার অধিকার কারও নেই। ধর্ম কখনোই অন্যের কষ্টের বিনিময়ে নিজের আনন্দ প্রতিষ্ঠার শিক্ষা দেয় না। বরং আত্মসংযম, সহিষ্ণুতা, সহমর্মিতা ও পরকল্যাণের মধ্য দিয়েই ধর্মীয় চেতনার প্রকৃত প্রকাশ ঘটে।

আমরা কি একবারও ভেবে দেখেছি, যে দেবীকে আমরা শান্তি, শক্তি ও কল্যাণের প্রতীক হিসেবে আরাধনা করি, তাঁর আরাধনার নামে কেন চারপাশে অশান্তির বিস্তার ঘটাব? যে মায়ের কাছে আমরা বিশ্বচরাচরের মঙ্গল প্রার্থনা করি, সেই মায়ের পূজাকে কেন্দ্র করে কেন প্রতিবেশীর স্বস্তি কেড়ে নেব?

মনে রাখা প্রয়োজন, শব্দের উচ্চতা কখনো ভক্তির গভীরতা নির্ধারণ করে না। আতশবাজির আলোকচ্ছটা কখনো আত্মার অন্ধকার দূর করে না। আর ডিজের তীব্রতা কখনো মায়ের প্রতি ভালোবাসার পরিমাপ হতে পারে না।

আমাদের পূজায় ঢাক বাজুক, শঙ্খধ্বনি উঠুক, চণ্ডীপাঠের মাধুর্যে মণ্ডপ মুখরিত হোক। আলোকসজ্জায় আলোকিত হোক চারপাশ। কিন্তু উৎসবের নামে শব্দসন্ত্রাস নয়; চাই শৈল্পিকতা, চাই নান্দনিকতা, চাই পরিমিতিবোধ।
কারণ পূজা মানে কেবল দেবীকে মণ্ডপে প্রতিষ্ঠা করা নয়, নিজের অন্তরেও শুভবোধের প্রতিষ্ঠা করা।

মাকে ডাকতে শব্দের তাণ্ডব লাগে না, লাগে ভক্তির আর্তি। মাকে তুষ্ট করতে শব্দবাজির প্রয়োজন নেই, প্রয়োজন নির্মল চিত্তের অর্ঘ্য।

আসুন, পূজার আত্মাকে পূজার প্রদর্শনপ্রবণতার কাছে বিসর্জন না দিই। দেবী আরাধনাকে শব্দের প্রতিযোগিতা থেকে মুক্ত করে আবার ফিরিয়ে আনি তার শাস্ত্রীয় গাম্ভীর্য, আধ্যাত্মিক সৌন্দর্য ও মানবিক মহিমায়।

(কারো মনে হয়তো কথাগুলোর আঁচ লাগবে। কেউ কেউ হয়তো ফুঁ দিয়ে উড়িয়ে দেবে। তাও লিখে যাবো। লিখে যাবো আমার দায় হিসেবে। 

ও ভালো কথা , আমি যে পাড়ায় থাকি সে পাড়ার পূজায় কোন কোন সময় একবার অন্তত  ঘুরে যাবেন। দায়িত্ব নিয়েই বলছি, গন্ধটা পাবেন সনাতনী প্রথা আর তার রীতিনীতি অনুযায়ী। নয়াসড়ক সর্বজনীন পূজা কমিটি'র একজন ক্ষুদ্র সদস্য হিসেবে সত্যিই আমি গর্বিত। )

(উজ্জ্বল দাস, বিভাগীয় প্রধান, উদ্ভিদবিদ্যা বিভাগ, সরকারি মদন মোহন কলেজ সিলেট।)