শতবর্ষের স্মৃতির টানে ফিরবে প্রাক্তনরা, উৎসবের অপেক্ষায় দি এইডেড হাই স্কুল
শতবর্ষ উদযাপনের লোগো ও স্লোগান উন্মোচন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ২৩:২১
ছবি: সংগৃহীত
শত বছরের পথচলা, অসংখ্য স্মৃতি আর হাজারো শিক্ষার্থীর জীবনের গল্প-সবকিছু নিয়ে নতুন এক আবেগঘন অধ্যায়ের অপেক্ষায় সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুল। প্রিয় বিদ্যাপীঠের শতবর্ষ উদযাপন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। উন্মোচন করা হয়েছে শতবর্ষ উদযাপনের লোগো ও স্লোগান। ২০২৮ সালের ৬, ৭ ও ৮ জানুয়ারি তিন দিনব্যাপী আয়োজন করা হবে শতবর্ষ উৎসব ও প্রাক্তন ছাত্র-শিক্ষক মহামিলনমেলা।
শনিবার সন্ধ্যায় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের লোগো ও স্লোগান উন্মোচন করেন বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আবেগাপ্লুত হয়ে মন্ত্রী বলেন, এই স্কুলে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এ সময় বিদ্যালয়ের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন তিনি। শ্রদ্ধাভরে স্মরণ করেন তাঁর শিক্ষকেদের, যাঁদের স্নেহ, শাসন ও শিক্ষায় গড়ে উঠেছে তাঁর জীবনের ভিত্তি। তবে তাঁদের অনেককে আজ আর কাছে না পাওয়ার বেদনাও প্রকাশ করেন তিনি।

লোগো উন্মোচন শেষে হয় আতশবাজী
একসময় যে আঙিনায় কেটেছে দুরন্ত শৈশব, যে শ্রেণিকক্ষে তৈরি হয়েছে স্বপ্ন দেখার প্রথম পাঠ, যে শিক্ষকদের হাত ধরে জীবনের পথে হাঁটতে শেখা; সেই প্রিয় বিদ্যাপীঠে ফিরে আসা যেন স্মৃতির দরজায় আবারও কড়া নাড়ার মতো। শতবর্ষের এই আয়োজন তাই শুধু একটি প্রতিষ্ঠানের বয়স পূর্তির উৎসব নয়; এটি বহু প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীর আবেগ, ভালোবাসা আর শেকড়ের কাছে ফিরে আসার উপলক্ষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. বদরুজ্জামান সেলিম, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ১৯৬৮ ব্যাচের শিক্ষার্থী অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্তী, সাবেক শিক্ষক অরূপ কুমার সেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, রাজনীতিবিদ জাকির আহমদ, সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকি, করিম উল্লাহ গ্রুপের আতাউল্লাহ শাকের, ব্যবসায়ী আব্দুল মঈন কয়ছর, মো. কাওছার জাহান ও ফরিদ ককস্, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রানা কুমার সিনহা, মেজর আমিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমশের আলী।
শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ ও সদস্যসচিব অভিমন্যু ভট্টাচার্য জানান, ১৯২৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দি এইডেড হাই স্কুল জ্ঞান, মানবিকতা, নৈতিকতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি তৈরি করেছে অসংখ্য কৃতী শিক্ষার্থী, যাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রে রেখে চলেছেন অবদান। বিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের প্রতিটি অধ্যায়ের সঙ্গে মিশে আছে শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও শ্রম।
তাঁরা আরও জানান, শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন তাঁরা। তিন দিনব্যাপী এ আয়োজনে শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও অর্জন উদযাপনের পাশাপাশি প্রাক্তন ছাত্র-শিক্ষকদের মধ্যে গড়ে উঠবে পুনর্মিলনের এক আনন্দঘন আবহ।
একটি বিদ্যালয়ের শত বছর মানে কেবল সময়ের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য শৈশব, কৈশোর, বন্ধুত্ব, শাসন, স্নেহ, স্বপ্ন আর জীবনের প্রথম পাঠ। সময়ের স্রোতে অনেক মুখ হারিয়ে যায়, বদলে যায় পরিচিত শ্রেণিকক্ষ কিংবা বিদ্যালয়ের চেনা আঙিনা। তবু স্মৃতির পাতায় অমলিন থেকে যায় প্রিয় বিদ্যাপীঠ। দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উৎসব সেই স্মৃতিগুলোকে আবারও এক সুতোয় গাঁথার অপেক্ষা; যেখানে বয়সের ব্যবধান ঘুচিয়ে একই পরিচয়ে মিলিত হবেন সবাই: তাঁরা এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।
