সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবুল হাসনাত (৫২) নামে আরও একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সিলেট নগরের স্টেডিয়াম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল হাসনাত সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল লতিফের ছেলে। এসআরবি জানায়, গোয়াইনঘাট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি তিনি।
এসআরবি-৯ জানায়, গত ৮ নভেম্বর রাত ৮টার দিকে গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের মহেষখেড় এলাকায় রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের পেছনের খালি জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠকে সমবেত হন। সেখানে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ রয়েছে।
এসআরবির তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর রাতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফরহাদ আহমদ ও রাজু ইসলামকে আটক করে। পরে তাঁদের দেখানো মতে রিসোর্টের ভেতর থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার, বিভিন্ন ব্র্যান্ডের সাতটি খালি মদের বোতল, ৪০টি এয়ারগানের গুলিসদৃশ ধাতব বস্তু এবং একটি মিনি স্কুবা ডাইভিং অক্সিজেন ট্যাংক সেট উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৪টা ৫০ মিনিটের দিকে ফারুক আহমদ ও আলী হোসেনকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পুলিশের উপপরিদর্শক নাঈমুল হাসান।
মামলার পর আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে হাসনাতকে গ্রেফতার করা হয়।
এসআরবি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বরের ওই সভায় সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার বক্তব্য দিয়েছিলেন বলে মামলায় অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। সভার পর থেকে রনজিত সরকারের অবস্থান শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
