ছবি: সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে নবম জাতীয় পে স্কেলের আওতায় বেতন দিতে পৃথক গেজেট এখনো জারি না হওয়ায় চলতি মাসেও পুরোনো স্কেলেই বেতন পাবেন তাঁরা। ফলে নতুন পে স্কেল অনুযায়ী বেতন পেতে তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে স্কেলের আওতায় বেতন-ভাতা দিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট বা আদেশ জারি করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত পৃথক গেজেট প্রকাশিত না হওয়ায় নভেম্বর মাসের বেতন পুরোনো স্কেল অনুযায়ীই তুলতে হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা। অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারির পর এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে। ওই নির্দেশনায় বেতন নির্ধারণসহ (পে-ফিক্সেশন) অন্যান্য প্রক্রিয়া স্পষ্ট করা হবে।
সংশ্লিষ্টদের ধারণা, সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ডিসেম্বর মাস থেকে শিক্ষক-কর্মচারীরা নবম পে স্কেল অনুযায়ী বেতন পেতে পারেন।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে জানান, এমপিওভুক্ত জনবলের জন্য পে স্কেলের পৃথক গেজেট এখনো জারি হয়নি। তাই চলতি নভেম্বর মাসে পুরোনো স্কেলেই বেতন বিল জমা দিতে হবে।
তিনি জানান, পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে জারি হওয়ার পর বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
