https://www.emjanews.com/

20657

sports

প্রকাশিত

১৭ নভেম্বর ২০২৬ ২২:০৫

খেলাধুলা

সিঙ্গাপুরকে ৭ গোল দিয়ে বছর শেষ ব্রাজিলের

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ২২:০৫

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ০-৭ ব্রাজিল। স্কোরলাইন দেখলে মনে হতে পারে, দাপুটে এক জয় পেয়েছে ব্রাজিল। কিন্তু সাত গোলের এই ম্যাচেও খুব একটা উচ্ছ্বসিত দেখা গেল না কোচ কার্লো আনচেলত্তিকে। রায়ান ৬৫ মিনিটে ব্রাজিলের ষষ্ঠ গোলটি করার পর ক্যামেরায় ধরা পড়েন তিনি। ভিআইপি বক্সে বসে ভ্রু কুঁচকে হাত নেড়ে কিছু একটা বলছিলেন। দেখে মনে হলো, দল ছয় গোল করলেও সন্তুষ্ট নন। কী অদ্ভুত চাকরি! এমনকি সাত গোলের জয়েও উচ্ছ্বাস প্রকাশ করাটা যেন ঝুঁকিপূর্ণ। কারণ, ব্রাজিলে এরই মধ্যে কেউ কেউ তাঁর সমালোচনায় মুখর।

৭৪ মিনিটে আরও একটি গোল হলো। তবে সেটি ব্রাজিলের কোনো খেলোয়াড়ের পা থেকে নয়, সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের আত্মঘাতী গোল। প্রীতি ম্যাচে নিজেদের মাঠে যেন প্রতিপক্ষকে ‘সেভেন আপ’ খাওয়ানোর আয়োজনই করেছিল এশিয়ার দেশটি।

আগের ম্যাচে দুটি লাল কার্ড দেখা ব্রাজিলও যেন এবার কিছুটা ভদ্রতা দেখাল। ৭ গোল করার পর আর ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠেনি তারা। দৃশ্যটি মনে করিয়ে দিল ১২ বছর আগের বিশ্বকাপ সেমিফাইনালের কথা। ২০১৪ সালে ব্রাজিলের জালে সাত গোল দেওয়ার পর জার্মানিও শেষ দিকে আর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেনি।

সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিল অবশ্য পুরোপুরি গোলের চেষ্টা বন্ধ করেনি। আরও গোল করার সুযোগ ছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। ফুটবলের ভাষায় বলতে গেলে, গোল মিস করেছে।

সিঙ্গাপুরের অবশ্য গোল করার মতো সুযোগই তৈরি হয়নি। ফলে ‘মিনেইরাজো’ ট্র্যাজেডির মতো কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগও পায়নি তারা। ২০১৪ বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতির বিপরীতে এবার সাত গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

তবে এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় প্রাপ্তি স্কোরলাইন নয়, ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিক। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো এক ম্যাচে তিন গোল করলেন তিনি। দুই ম্যাচে মোট পাঁচ গোল করে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের আক্রমণভাগে নিজের কার্যকারিতার প্রমাণ দিয়েছেন ভিনি। বছর শেষের এই বড় জয়ে ব্রাজিলের সবচেয়ে স্বস্তির জায়গা তাই ভিনিসিয়ুসের ফর্ম ফিরে পাওয়া।