ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহাসিক উসমানপুর গায়েবি মসজিদের প্রাচীন স্থাপত্য কাঠামো রক্ষা এবং এর বিকৃতি ও ধ্বংসের উদ্যোগ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেটের পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, উসমানপুর গ্রামের গায়েবি মসজিদটি সুলতানি আমলের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। সম্প্রতি মসজিদের মূল কাঠামো ঘিরে নতুন বহুতল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রাচীন স্থাপনাটির কাঠামো বিকৃত ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিষয়টি জানার পর গত ২৯ অক্টোবর পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রাস্টিসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মসজিদটি সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রাচীন স্থাপনাটির ইতোমধ্যে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তারা দেখতে পান। তবে মসজিদটির মূল কাঠামো ও ভিত্তি এখনও যথেষ্ট দৃঢ় রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
ট্রাস্টের দাবি, মসজিদটির নির্মাণকাল নিয়ে কোনো শিলালিপি বা সরাসরি প্রামাণ্য দলিল পাওয়া না গেলেও এর স্থাপত্যরীতি ও নির্মাণ উপকরণের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বিভিন্ন গবেষক এটিকে ষোড়শ শতকের সুলতানি আমলের স্থাপনা হিসেবে চিহ্নিত করেছেন।
স্মারকলিপিতে ইতিহাসবিদ ড. পারভিন হাসানের Sultans and Mosques: The Early Muslim Architecture of Bangladesh গ্রন্থের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থপতি অধ্যাপক শুভজিৎ চৌধুরী ও তাঁর গবেষক দলের ‘Investigating the Architectural Origin of the Gayebi Mosque in Osmanpur, Sylhet, Bangladesh’- শীর্ষক গবেষণাপত্র এবং নুজাবা বিনতে জুভি কবিরের ‘The Grammar of Sultanate Mosques in Bengal Architecture’- গবেষণার উল্লেখ করা হয়।
ট্রাস্ট মনে করে, অজ্ঞতা, অসচেতনতা কিংবা অন্য কোনো স্বার্থের কারণে এ ধরনের প্রাচীন স্থাপত্য নিদর্শন হারিয়ে যাওয়া উচিত নয়। তাই উসমানপুর গায়েবি মসজিদের বর্তমান অবস্থা জরিপ, এর ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্ব নিরূপণ এবং যথাযথ সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে জেলা প্রশাসনের মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যুক্ত করে মসজিদটির বিকৃতি, রূপান্তর ও ধ্বংস রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
স্মারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের চেয়ারম্যান ডা. মোস্তফা শাহাজামান চৌধুরী বাহার, সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারি সেলিম আউয়াল, ট্রাস্টের সদস্য সচিব আব্দুল করিম কিম, পরিবেশকর্মী এস এম আব্দুল্লাহ মোশাহিদ প্রমুখ।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, ঐতিহ্য রক্ষায় তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
