সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১৭:০১
বাংলাদেশের চা শিল্প, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে চা রপ্তানির নতুন সম্ভাবনা নিয়ে আলোচনার অংশ হিসেবে সিলেটে আসছেন পর্তুগালের রাজপরিবার হাউস অব ব্রাগাঞ্জার সদস্য ও ডাচেস অব কোইমব্রা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা। তাঁর এ সফরকে ঘিরে সিলেটে স্থানীয় ব্যবসায়ী, আন্তর্জাতিক প্রতিনিধি ও বিশিষ্টজনদের অংশগ্রহণে রাজকীয় সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের উইন্ডসর হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ যৌথভাবে এ আয়োজন করছে।
সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। তাঁর সঙ্গে থাকবেন স্বামী ডিউক অব কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স।
অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্যার শেখ আলিউর রহমান। তিনি লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান এবং গ্লোবাল ফেয়ার পে চার্টারের প্রতিষ্ঠাতা। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন গ্লোবাল ফেয়ার পে চার্টারের পর্তুগাল ও পাকিস্তানবিষয়ক রাষ্ট্রদূত স্যার আসিফ বাজওয়া, যুক্তরাজ্যের গ্লোবাল ফেয়ার পে চার্টারবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সহসভাপতি ফারহান ফারহানি, গ্লোবাল ফেয়ার পে চার্টারের পাকিস্তানবিষয়ক গণমাধ্যম ও জনসংযোগ প্রধান মোহাম্মদ তাহির চৌধুরী, জাবিন চৌধুরী, প্লাজা প্রিমিয়ামের বৈশ্বিক ক্রয় বিভাগের প্রধান থমাস মাক, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক শালিম আবস এবং গ্লোবাল ফেয়ার পে চার্টারের রাষ্ট্রদূত ড. আজিজুর রহমান।
এ ছাড়া জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ইউনিটার বিভাগের পরিচালক আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন মো. বদরুজ্জামান শেলিম। আয়োজকদের পক্ষে থাকবেন আবদুর রহমান রিপন ও আবদুল মুনিম মল্লিক মুন্না।
এদিকে সফরসঙ্গী হিসেবে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন মো. আশিকুর রহমান চৌধুরী, প্রসেন গোপে, নূর নাহার মীম, নুসরাত জাহান ও মো. রাকিব সিকদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত দিনের সফরে গত সোমবার সকালে ঢাকায় পৌঁছান মারিয়া ফ্রান্সিসকা। তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশের চা শিল্পের সম্ভাবনা, চা শ্রমিকদের মজুরি ও সামাজিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের অবস্থান নিয়ে আলোচনা করা। বিশেষ করে লন্ডন টি এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশের চায়ের রপ্তানি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সফরের প্রথম দিন জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজকন্যা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী ডিউক অব কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স, স্যার শেখ আলিউর রহমানসহ প্রতিনিধি দলের সদস্যরা। সাক্ষাতে বাংলাদেশের চা সংস্কৃতি ও দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় ডেপুটি স্পিকারকে ‘সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ নামে বিশেষ চায়ের মিশ্রণ উপহার দেওয়া হয়।
লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের দাবি, বাংলাদেশের চাকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে বিশেষ এ মিশ্রণ তৈরি করা হয়েছে। পর্তুগিজ রাজপরিবারও এটিকে তাদের রাজপরিবারের চা হিসেবে গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, অন্তত ৪৩টি দেশের চা নিয়ে কাজ করার পর বাংলাদেশ তাদের ৪৪তম উৎস।
সফরসূচি অনুযায়ী, মারিয়া ফ্রান্সিসকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান পরিদর্শন করবেন। সেখানে চা শ্রমিক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মজুরি, জীবনমান এবং চা শিল্পের টেকসই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার কথা রয়েছে। পাশাপাশি মৌলভীবাজারে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের নবপ্রতিষ্ঠিত চা প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কারখানাও পরিদর্শন করবেন তিনি।
এ ছাড়া ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সংবর্ধনা, শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর। সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পরিদর্শনের পাশাপাশি সিলেটের স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়েরও আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মারিয়া ফ্রান্সিসকা গ্লোবাল ফেয়ার পে চার্টারের স্বাক্ষরকারী। ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও দারিদ্র্য হ্রাস এ চার্টারের অন্যতম লক্ষ্য। সফরসঙ্গী স্যার শেখ আলিউর রহমান এ চার্টারের প্রতিষ্ঠাতা। লন্ডন টি এক্সচেঞ্জ ও জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ইউনিটারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, পর্তুগিজ রাজপরিবারের সঙ্গে বাংলাদেশের চায়ের এ সংযোগ দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে সিলেটের চা শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করার পাশাপাশি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টিও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পাবে।
