ছবি: জৈন্তিয়া উন্নয়ন পরিষদ।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল এক বিবৃতিতে এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
নেতৃবৃন্দ বলেন, জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন বৃহত্তর জৈন্তিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ জনপদের মানুষের নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, পরিকল্পিত নগরায়ণ এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে পৌরসভা প্রতিষ্ঠা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তারা বলেন, জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নে সরকারপ্রধান, মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভূমিকা রাখা ব্যক্তি ও সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ বৃহত্তর জৈন্তিয়ার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, গ্যাস, প্রাকৃতিক সম্পদ, পর্যটন ও নাগরিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে দাবি উত্থাপন করে আসছে।
এসব দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের কাছে স্মারকলিপি প্রদান, সভা-সমাবেশ, নাগরিক কর্মসূচি এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে সংগঠনটি। বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নেও সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করছে।
তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের ১০ দফা দাবির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা। জৈন্তাপুর পৌরসভা অনুমোদনের মধ্য দিয়ে সেই দাবির একটি গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়নের পথে এগিয়েছে। আমরা আশা করি, পর্যায়ক্রমে বৃহত্তর জৈন্তিয়ার অন্যান্য উপজেলাতেও পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, পৌরসভা অনুমোদনই শেষ কথা নয়; এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে পৌরসভার কার্যক্রম চালু করতে হবে। পাশাপাশি পরিকল্পিত সড়কব্যবস্থা, আধুনিক ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, পরিচ্ছন্নতা এবং পর্যটন অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আবারও অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বৃহত্তর জৈন্তিয়ার সার্বিক উন্নয়নে সরকারের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।
