ফাইল ছবি
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়েছেন।
রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলাগুলোর মধ্যে অন্যতম হলো গত জুলাইয়ে গণঅভ্যুত্থানকালীন ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত পোশাক শ্রমিক মিনারুল হত্যার মামলা। এছাড়া আরও চারটি মামলা ছিল ভাঙচুর, হামলা ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে দায়ের করা।
এর আগে গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকাকুটি’ থেকে ডা. আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত আইভীকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন আইভীর আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আজ রোববার ওই পাঁচ মামলায় তার জামিন মঞ্জুর করেন।
জামিনের রায়ের ফলে তিনি শিগগিরই মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইভীর আইনজীবী দল।
উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে টানা দুই মেয়াদ দায়িত্ব পালন করেন। ১৩ নভেম্বর রাজনৈতিক কর্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষনার পর আওয়ামী লীগ নেত্রী ও নারায়নগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন লাভের খবরে সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
