https://www.emjanews.com/

11645

surplus

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৫ ১৮:৫৮

অন্যান্য

শাবিপ্রবিতে শাকসু নির্বাচন পিছিয়ে ২০ জানুয়ারি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৫৮

ছবি: সংগৃহিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১৭ ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত রোববার বিকেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় প্রশাসন ভবন-১-এর চতুর্থ তলার সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক-অরাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সকল ছাত্রসংগঠনের প্রতিনিধিদের নিয়ে শাকসু নির্বাচন সংক্রান্ত উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সবার সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন তারিখ ঠিক করা হয়।

যদিও নতুন ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে, তবে পুনঃ তফসিল এখনো প্রকাশ করেনি কমিশন।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম জানান, ‘নির্বাচনের তারিখ সর্বসম্মতিক্রমে পুনর্নির্ধারিত হয়েছে। আগামীকাল সোমবার বেলা তিনটায় কমিশনের বৈঠক শেষে সন্ধ্যার দিকে পুনঃ তফসিল ঘোষণা করা হবে।’

সকাল ১১টা থেকে টানা সাড়ে তিন ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপাচার্য সাজেদুল করিম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার কামরুল ইসলাম ও রাজিক মিয়া প্রমুখ।

এছাড়া ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র মজলিশ, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা সভায় অংশ নেন।

শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাটফর্মের সদস্যরা জানান- সবার ঐকমত্যের ভিত্তিতেই নতুন তারিখ নির্ধারিত হয়েছে।

এই নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে নানা বিতর্ক ও আন্দোলন চলছিল।

১৬ নভেম্বর শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, যেখানে ১৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। এরপর ছুটি, সময়সূচি ও অংশগ্রহণ প্রশ্নে বিরোধ তৈরি হয়; অনেক শিক্ষার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সেই প্রেক্ষাপটেই আজ নতুন তারিখ ঘোষণা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।