ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কয়েকটি গণমাধ্যমকে তিনি এ সম্ভাব্য সময়সূচির ইঙ্গিত দেন।
জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ জানতে চাইলে ইসি আনোয়ারুল বলেন, ‘ফেব্রুয়ারির সেকেন্ড উইক। ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। এর এক-দুদিন আগে–পরে হলেও হতে পারে।’ অর্থাৎ মাঝামাঝি সময়ের যেকোনো দিনে ভোট অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, ভোটের তফসিল ঘোষণা ও নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করতে আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সেখানেই ভোটের সময়সূচি নির্ধারিত হবে।
ধারণা করা হচ্ছে, রোববারের পর দু-তিন দিন সময় রেখে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।
ইসি আনোয়ারুল জানান, গোপন কক্ষের সংখ্যা বাড়ানো এবং ভোটগ্রহণের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৯ ঘণ্টা করার চিন্তা করা হচ্ছে। এজন্য সকাল-বিকাল উভয় দিকেই সময় বাড়ানো হতে পারে।
বর্তমানে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। প্রস্তাব অনুযায়ী ভোট শুরু হতে পারে সকাল সাড়ে ৭টা থেকে এবং শেষ হতে পারে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন আয়োজনে প্রস্তুতি চূড়ান্ত করতে কমিশন দ্রুতই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ইসি সূত্রে জানা গেছে।
