ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের কোন প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকছেন, তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)। আপিল শুনানি শেষে এখন প্রার্থিতা প্রত্যাহারের অপেক্ষায় রয়েছে নির্বাচনী প্রক্রিয়া, যার পরই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে। জানা যাবে, সিলেটে কারা থাকছেন শেষ ভোটযুদ্ধে, কারা পড়ছেন বাদ।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, মনোনয়নপত্রের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন ছিল গত রোববার (১৯ জানুয়ারি)। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিলের শুনানি ও রায় ওই দিন ঘোষণা করা হয়। ১০ জানুয়ারি শুরু হওয়া আপিল শুনানিতে মোট ৪১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শেষ দিনের শুনানিতে ২১ জন প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পান। একই দিনে বিএনপির দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল বহাল থাকে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে আপিল হলেও সংশ্লিষ্ট সবার মনোনয়নপত্র বহাল রাখার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।
আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, নির্বাচন কমিশন আইন ও বিধি অনুসরণ করেই সিদ্ধান্ত দিয়েছে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ইসিতে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে।
আপিল নিষ্পত্তির পর ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ৪১৭ জন। অন্যদিকে, প্রাথমিকভাবে বৈধ হলেও আপিল পর্যায়ে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওই দিন শেষে সিলেটসহ সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে।
এর আগে সিলেট অঞ্চলের ১৯টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে ১১০টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও ৩৬টি মনোনয়ন বাতিল হয় বলে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ১১ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। আপিল নিষ্পত্তির শেষ দিন ছিল ১৯ জানুয়ারি। আগামী ২১ তারিখে প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
