https://www.emjanews.com/

13241

sylhet

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ১১:০৮

আপডেট

২২ জানুয়ারী ২০২৬ ১১:৩৭

সিলেট

‘আমিও আপনাদের সন্তান’ : শ্বশুরবাড়ি থেকে ভোট চাইলেন তারেক রহমান

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ১১:০৮

শ্বশুরবাড়ির মাটিতে দাঁড়িয়ে নিজেকে সিলেটের সন্তান হিসেবে উল্লেখ করে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যন তারেক রহমান। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর রাত ৯টা ১৮ মিনিটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছান তিনি।

শ্বশুরবাড়িতে উপস্থিত স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্যের শুরুতে দোয়া কামনা করেন বিএনপি চেয়ারম্যন। এ সময় তিনি বলেন, ‘ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমি এই পরিবারের অংশ হিসেবে, এই এলাকার সন্তান।’ এরপর তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান এবং এলাকাবাসীর কাছ থেকে সে বিষয়ে প্রতিশ্রুতি নেওয়ার কথা বলেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করে। ধানের শীষ বিজয়ী হলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সিলেট অঞ্চলের প্রবাসী জনগোষ্ঠীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিটি জেলায় উন্নত প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হবে, যাতে তরুণরা দক্ষ হয়ে বিদেশে গিয়ে ভালো আয়ের সুযোগ পায় এবং এর মাধ্যমে দেশে রেমিট্যান্স বাড়ে।

কৃষি খাতের প্রসঙ্গে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি বলেন, সারা দেশে আবার খাল খনন শুরু হলে কৃষি অর্থনীতিতে ইতিবাচক ও ব্যাপক পরিবর্তন আসবে এবং কৃষকের সেচ সুবিধা নিশ্চিত হবে।

গত ১৫ বছরের শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময়ে মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার বাধাগ্রস্ত হয়েছিল বলে বিএনপির দাবি। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে প্রশ্ন রাখেন, তারা গত ১৫ বছরে ভোট দিতে পেরেছেন কি না। উপস্থিত জনতার পক্ষ থেকে একযোগে ‘না’ সূচক উত্তর আসে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।

বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন, এই এলাকার সন্তান হিসেবে তার দাবি একটাই—১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করা। একই সঙ্গে তিনি দোয়া চান, যাতে বিএনপি মানুষের কল্যাণে কাজ করতে পারে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়।

উল্লেখ্য, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামের প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন এবং পরবর্তী সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিবাহ সম্পন্ন হয়।