নিঃসন্তান দম্পত্তিদের নতুন আশা: সিলেটে মাউন্ট এডোরায় আইভিএফ সেন্টার চালু
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬ ২০:৫১
ছবি: সংগৃহীত
সন্তানহীন দম্পত্তিদের মুখে হাসি ফুটাতে সিলেটে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি আইভিএফ সেন্টার যাত্রা শুরু করল। আখালিয়াস্থিত মাউন্ট এডোরা হসপিটালে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় কেক ও ফিতা কেটে এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াত, পরিচালক মেডিকেল সার্ভিসেস ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. আলমগীর চৌধুরী, অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমদ, অধ্যাপক ডা. আখলাক আহমদ, ডা. শাহেদ আহমদ, ডা. ফাইজুল আজিজ, উপ-পরিচালক ডা. তানভীরুজ্জামান এবং সিলেটের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
হসপিটালের সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে।
প্রধান অতিথি অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান তার বক্তব্যে বলেন, ‘বর্তমানে বন্ধ্যাত্ব একটি বড় সমস্যা হিসেবে দাঁড়িয়ে আছে। এই সেন্টারের মাধ্যমে সিলেটসহ বাংলাদেশের মানুষ এখন হাতের নাগালে উচ্চমানের আইভিএফ চিকিৎসা পাবেন। আমরা আশা করি এটি নিঃসন্তান দম্পত্তিদের জীবনে নতুন আশা নিয়ে আসবে।”
আইভিএফ সেন্টারের পরিচালক ও কো-অর্ডিনেটর, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. কিশোয়ার পারভীন জানান, সেন্টারে আইভিএফ ছাড়াও আইইউআই, আইসিএসআই ডিম্বানু ও শুক্রাণু হিমায়িতকরণ এবং ভ্রুন পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরনের উন্নত ও আধুনিক ব্যবস্থা রয়েছে। আধুনিক ল্যাবরেটরি, আইভিএফ ওটি এবং অভিজ্ঞ এমব্রায়োলজিস্টদের মাধ্যমে সর্বোচ্চ সাফল্যের হার নিশ্চিত করার চেষ্টা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট বিভাগের গাইনী, ইউরোলজি, এন্ড্রোক্রাইনোলজি ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা আইভিএফ সেন্টারের বিভিন্ন বিভাগ ও ল্যাবরেটরি ঘুরে দেখেন এবং মাউন্ট এডোরা হসপিটালের উদ্যোগকে স্বাগত জানান।
