ছবি: সংগৃহীত
পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম।
এর ফলে আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করবে না।
সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটনের অনুমতি থাকলেও, এ বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা দুই মাস কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সেন্টমার্টিনের বিপন্ন জীববৈচিত্র্য রক্ষায় এই ৯ মাসকে ‘রিকভারি পিরিয়ড’ হিসেবে বিবেচনা করা হবে। পর্যটক না থাকলে প্রবাল, সামুদ্রিক কাছিম, রাজকাঁকড়া এবং বিরল প্রজাতির পাখিরা তাদের প্রাকৃতিক আবাস পুনরুদ্ধারের সুযোগ পাবে।
এর আগে দ্বীপে সৈকতে আলো জ্বালানো, বারবিকিউ পার্টি, প্লাস্টিক ব্যবহার এবং মোটরচালিত যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজিব জানান, শনিবার শেষবারের মতো জাহাজগুলো পর্যটকদের নিয়ে সেন্টমার্টিনে যাবে। রোববার থেকে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে সরকারের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
