সিলেটের প্রবীণ সমাজকর্মী ও দানশীল ব্যক্তিত্ব সুখেন্দু বিকাশ দাস আর নেই। বুধবার (২৫ নভেম্বর) রাত ২টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকার নিজ বাসায় ৯৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুখেন্দু বিকাশ দাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে নগরের চালিবন্দর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সুখেন্দু বিকাশ দাসের পরিবার সিলেটের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ভূমি দান করেছে। সিলেট সরকারি মদন মোহন কলেজ প্রতিষ্ঠা ও সম্প্রসারণে তাঁর পরিবারের ভূমি দানের অবদান রয়েছে। এ ছাড়া নিম্বার্ক আশ্রমসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে তাঁদের পরিবারের পক্ষ থেকে ভূমি দান করা হয়েছে।
পেশায় ব্যবসায়ী হলেও সুখেন্দু বিকাশ দাস সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
