https://www.emjanews.com/

20871

sylhet

প্রকাশিত

২৪ নভেম্বর ২০২৬ ২১:৩৯

সিলেট

সিলেটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ২১:৩৯

ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা আফসর আহমদসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় পুলিশের ওপর চড়াও হয়ে স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল হকের ছেলে শাহিদ রানা ও ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।

মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান।

এদিকে, পুলিশের কাছ থেকে ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন দলবল নিয়ে নিজের ছোট ভাই জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা এবং নিকটাত্মীয় ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনি জড়িত ছিলেন।

আফসর হোসেনকে বহিষ্কারের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। তবে বহিষ্কৃত এই বিএনপি নেতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই; বরং তিনি পুলিশকে সহযোগিতা করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।