সিলেটে ৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ শয্যার বিশেষায়িত ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র চালুর পথ খুলছে। দীর্ঘদিন ধরে যন্ত্রপাতি ও জনবল সংকটে আটকে থাকা চিকিৎসাকেন্দ্রটির জন্য এবার প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ২০১৯ সালের অক্টোবরে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৮৯ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ১৭ তলা ভিত্তির ওপর ১৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে। দুটি বেজমেন্টসহ ভবনের মূল নির্মাণকাজও অনেক আগেই শেষ হয়। তবে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনা ও জনবল নিয়োগ না হওয়ায় এতদিনেও চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি।
ফলে সিলেট বিভাগের ক্যানসার, হৃদরোগ ও কিডনি রোগীদের চিকিৎসার জন্য এখনো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের রোগীরা।
পরিকল্পনা অনুযায়ী, বিশেষায়িত এই চিকিৎসাকেন্দ্রে ক্যানসার রোগীদের জন্য রেডিওথেরাপি, ব্র্যাকিথেরাপি ও কেমোথেরাপির ব্যবস্থা থাকবে। পাশাপাশি হৃদরোগীদের জন্য ডে-কেয়ার কার্ডিয়াক সেন্টার, নিবিড় পরিচর্যাকেন্দ্র, কিডনি রোগীদের জন্য নেফ্রোলজি ইউনিট ও আধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিকিৎসাকেন্দ্রটি চালু না হওয়ার পেছনে জনবল অনুমোদন ও চিকিৎসা সরঞ্জাম কেনার জটিলতার বিষয়টি উঠে আসে। ডলারের বিনিময়মূল্য বৃদ্ধি এবং সরঞ্জামের চাহিদায় পরিবর্তনের কারণে কেনাকাটার প্রক্রিয়ায় বিলম্ব হয়। এ জন্য প্রকল্প সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছিল।
গত ৪ সেপ্টেম্বর সিলেটে ওসমানী হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ছয় মাসের মধ্যে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি চালুর আশ্বাস দিয়েছিলেন।
এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছিলেন, সিলেটে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বর্তমানে তিনটি প্রধান প্রকল্প নিয়ে পুরোদমে কাজ চলছে। ক্যান্সার ইনস্টিটিউটের বাকি কাজ দ্রুত শেষ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
একনেকে দ্বিতীয় সংশোধনী অনুমোদনের ফলে চিকিৎসাকেন্দ্রটির প্রয়োজনীয় সরঞ্জাম কেনা ও চালুর প্রক্রিয়া কতটা এগোয়, এখন সেদিকেই তাকিয়ে সিলেটের মানুষ।
