https://www.emjanews.com/

13512

national

প্রকাশিত

০২ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৫১

জাতীয়

কানাডায় বসে হাইকোর্টের বিচারপতির পদত্যাগ

প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৫১

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে পাঠানো তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছেছে।

জানা গেছে, বিচারপতি মামনুন রহমান কানাডা থেকে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিনা ছুটিতে এক বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বিচারপতি মামনুন রহমান। এ বিষয়ে ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছিল।

প্রসঙ্গত, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এর আগে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে বর্তমানে ৯ জন বিচারপতি আর দায়িত্বে নেই। তাদের কেউ কেউ সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্তের পর বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং কেউ অবসরে চলে গেছেন।

অন্যদিকে, বাকি তিনজন বিচারপতি পদে বহাল থাকলেও বর্তমানে তারা কোনো বেঞ্চে বিচারিক দায়িত্ব পালন করছেন না।

এ ছাড়া চলতি মাসে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে।

ছুটিতে পাঠানো মোট ১৩ জন বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান, যিনি এবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন।