ছবি: সংগৃহীত
ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে এখনই ইরান ত্যাগ করতে হবে এবং দেশ ছাড়ার ক্ষেত্রে এমন পরিকল্পনা রাখতে হবে, যা মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভরশীল নয়।
দূতাবাস জানায়, বর্তমানে ইরানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর ফলে বিভিন্ন সড়ক বন্ধ রয়েছে, গণপরিবহণ চলাচলে বিঘ্ন ঘটছে এবং ইন্টারনেট সংযোগে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। ইরান সরকার মোবাইল ফোন, ল্যান্ডলাইন ও জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করে রেখেছে।
এ ছাড়া ইরান থেকে আসা-যাওয়ার ফ্লাইট সীমিত করা হয়েছে বা অনেক ক্ষেত্রে বাতিল করা হচ্ছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়।
মার্কিন দূতাবাস আরও জানায়, মার্কিন নাগরিকদের দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিচ্ছিন্নতার জন্য প্রস্তুত থাকতে হবে এবং বিকল্প যোগাযোগব্যবস্থার পরিকল্পনা করে রাখতে হবে। পরিস্থিতি নিরাপদ থাকলে স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার বিষয়েও বিবেচনা করতে বলা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, ইরানে মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেফতার বা আটক হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। এ কারণে বিক্ষোভ বা জনসমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ‘লো প্রোফাইল’ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব মার্কিন নাগরিক কোনো কারণে দেশ ছাড়তে পারছেন না, তাদের নিজ বাসভবন বা অন্য কোনো নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত খাদ্য, পানি, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখার আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস।
