https://www.emjanews.com/

13594

tourism

প্রকাশিত

০৫ ফেব্রুয়ারী ২০২৬ ২২:০৩

আপডেট

০৫ ফেব্রুয়ারী ২০২৬ ২২:০৬

পর্যটন

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ২২:০৩

ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হয়েছে।

আইভ্যাক সূত্র জানায়, এদিন দুপুর ১২টায় সাইনআপ প্রক্রিয়া চালু করা হয় এবং সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং উন্মুক্ত করা হয়। নতুন ব্যবস্থায় আজ ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।

নতুন সিস্টেম অনুযায়ী, পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে এজন্য আবেদনকারীদের বিকাল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

এর আগে আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার থেকে একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। নতুন সিস্টেমের লিংক অফিসিয়াল আইভ্যাক ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) এবং পরবর্তী তারিখগুলোর জন্য সব অ্যাপয়েন্টমেন্ট স্লট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।

আইভ্যাক কর্তৃপক্ষ সব আবেদনকারীকে সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য জারি করা নির্দেশনাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

এছাড়া আবেদনকারীদের সাইনআপ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের আগে বিকাল সাড়ে ৫টার মধ্যে প্রয়োজনীয় ওয়েব ফাইল ও কাগজপত্র আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে আশা করছে আইভ্যাক কর্তৃপক্ষ।