শীতের বিদায়বেলায় প্রকৃতিতে যখন বসন্তের আমেজ, ঠিক তখনই বঙ্গোপসাগরে নতুন এক আবহাওয়ার সমীকরণ তৈরি হচ্ছে। বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বৃষ্টির পরিসর আরও বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তনের আভাস মিলেছে। ২১ ও ২২ ফেব্রুয়ারি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বৃষ্টির প্রভাবে ২৫ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা আরও হ্রাসের ইঙ্গিত দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বান্দরবান ও রাঙামাটিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের কোথাও বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
