হবিগঞ্জের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটকের একদিন পরই জামিন দিয়েছেন আদালত।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালিগালাজের অভিযোগে আটক তুষারকে সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বাহুবল আমলি আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন অস্থায়ী জামিন মঞ্জুর করেন। বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী এনামুল হক সেলিম জানান, পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরে রাতে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশের অভিযোগে বলা হয়েছে, মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও আপত্তিকর ভাষায় গালিগালাজ, উদ্দেশ্যপ্রণোদিত অপমান ও ক্ষতিসাধনের হুমকি প্রদান এবং থানা এলাকায় শান্তিভঙ্গ ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
ঘটনার আগের দিন শনিবার বাহুবল থানার ওসিকে উদ্দেশ করে তুষারের অশালীন মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে তাকে ওসিকে আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে শোনা যায় বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মখলিছুর রহমানের সঙ্গে ওসির ফোনালাপ চলাকালে তুষার উত্তেজিত হয়ে এসব মন্তব্য করেন।
এদিকে তুষারকে আটকের পর রোববার দুপুর ও সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সোমবার আদালতে তোলার আগে আদালত প্রাঙ্গণের সামনেও তার মুক্তির দাবিতে মিছিল করা হয়।
