https://www.emjanews.com/

18909

sylhet

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫২

সিলেট

চুনারুঘাটে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫২

ছবি: ইমজা নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবিগঞ্জের চুনারুঘাটে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িকতা, মানবতাবাদ ও সাম্যের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব ও বিএনপি নেতা শাফি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, জাসাস নেতা সারোয়ার নেওয়াজ শামীমসহ সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ পাবে।’

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও নৃত্যে অংশ নেয়। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

পরে একই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলার দক্ষিণা চরণ পাইলট (ডিসিপি) উচ্চ বিদ্যালয়েও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

আয়োজকদের মতে, পাঠ্যবইয়ের পাশাপাশি নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। নজরুলের সাহিত্যকর্মে উঠে আসা সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা নতুন প্রজন্মের সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে।

উভয় আয়োজনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।