৪৫তম বিসিএস: মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের জন্য বিশেষ নির্দেশনা
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২১:২০
ছবি: সংগৃহীত
৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের সাময়িক তালিকায় যেসব প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের মুক্তিযোদ্ধা সনদ যাচাই করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২ মার্চের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে এক হাজার ৮০৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন এবং বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সনদ যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করা হবে।
