স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এম এ মালিক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৫৮
ছবি: সংগৃহীত
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, ‘গত ১৫ বছরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন।’
তিনি জানান, রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সিলেট মহানগর ৩০নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান এবং ভাষা আন্দোলনসহ বিভিন্ন সময়ে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এম এ মালিক বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষা-এই দুই খাতকে আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চাই। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে স্বাস্থ্যসেবার ঘাটতি দ্রুত পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও জানান, সংশ্লিষ্ট তিন উপজেলার ইউএনওদের সঙ্গে মাসিক সমন্বয় সভা শুরু হবে এবং দক্ষিণ সুরমা থেকেই প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি জানান, ইতোমধ্যে দক্ষিণ সুরমায় খালখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং পর্যায়ক্রমে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জেও উন্নয়ন কার্যক্রম শুরু হবে। বালাগঞ্জের সঙ্গে মৌলভীবাজারের সরাসরি যোগাযোগ ব্যবস্থার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রিজ নির্মাণ সময়সাপেক্ষ হলেও অস্থায়ীভাবে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
সরকারি অফিস সকাল ৯টায় শুরু করার নির্দেশনার প্রসঙ্গে এম এ মালিক বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোতে সকাল ৮টা বা ৯টা থেকেই অফিস কার্যক্রম শুরু হয়। এতে সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং সেবাগ্রহীতারা উপকৃত হন।’ তিনি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, রোজার মাসে সাময়িক কিছু অসুবিধা থাকলেও ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে।
সংসদীয় অধিবেশন শেষে দক্ষিণ সুরমার স্বাস্থ্য খাত নিয়ে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
দোয়া ও ইফতার মাহফিলে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সিলেট জেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
