গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে বিলীন পাঁচটি বসতবাড়ি, পথে বসেছে বহু পরিবার
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৫৪
ছবি: সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার এলাকায় কুশিয়ারা নদী মঙ্গলবার গভীর রাতে হঠাৎ ধসে পাঁচটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন করে। এতে আবুল, আবুল খায়ের, আব্দুল, হারুন ও সুফিয়া খাতুনের পরিবারসহ অন্তত পাঁচটি পরিবার সব হারিয়ে পথে বসেছে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক দুইটার দিকে হঠাৎ নদীর স্রোত বাড়তে শুরু করে এবং ধীরে ধীরে তাদের ঘরবাড়ি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। গভীর রাতে স্থানীয় মসজিদের মাইকে উদ্ধার আহ্বান জানালে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় অন্তত ৩০ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় এবং কিছু গৃহস্থালি সামগ্রীও রক্ষা করা যায়।
বিলীন হওয়া একটি বাড়ির মালিক আবুল হোসেন বলেন, ‘হঠাৎ রাতে আমাদের বাড়িগুলো ধসে পড়তে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব কিছুর সমাপ্তি ঘটে। এখন আমাদের পুরো সংসার নদীর পানিতে বিলীন হয়ে গেছে।’
ক্ষতিগ্রস্তরা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইউপি সদস্য হেলাল উদ্দিনকে পাঠানো হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার আগামী বুধবার সরেজমিনে পরিদর্শনে যাবেন বলে ইমজা নিউজকে জানান আবুল হোসেন।
স্থানীয়রা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সরকারি সহায়তা ও পুনর্বাসনের আশা করছেন। প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতি মনিটর করছে এবং দ্রুত পুনর্বাসন ও সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
