সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে একটি মিনিবাস তল্লাশী চালিয়ে ভারতীয় চকলেট ও মেহেদিসহ দুই নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল প্রায় ৪টার দিকে চেকপোস্ট পরিচালনার সময় এ ঘটনা ঘটে। শাহপরাণ (রহ.) থানার এসআই প্রণজিৎ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ একটি মিনিবাসে তল্লাশী চালান।
পুলিশ বলছে, তল্লাশীর সময় তানভীর এন্টারপ্রাইজ নামের মিনিবাস থেকে অবৈধভাবে আনা ৭১০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট ও ৫১৮ পিস কাবেরী মেহেদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৪২ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার বেনাপোল থানার কাকমারি এলাকার শওকতের স্ত্রী আখি বেগম (৩০) এবং যশোর জেলার অভয়নগর থানার বুইকারা এলাকার মৃত দুলাল ফারাজীর স্ত্রী নাসিমা বেগম (৪৫)।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
