বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৫৮
ছবি: সংগৃহীত
বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুটি নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে ভোটগ্রহণ বাতিল করা হয়। অন্যদিকে পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন দেখা দেয়।
ইসি সচিব জানান, দুই আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে।
দুই আসনে গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া-৬ আসনে আগে গণভোট অনুষ্ঠিত হয়েছে। আর শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন হচ্ছে না। গণভোট সংক্রান্ত যে পার্থক্য রয়েছে, তাতে একটি আসনে গণভোট না হলেও কোনো সমস্যা হবে না।
ঘোষিত তফশিল অনুযায়ী, দুই আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং কর্মকর্তারা ৫ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।
নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে।
