ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অমর একুশে বই মেলা-২০২৬’ উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনের পরপরই সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়।
এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
মেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলার প্রাঙ্গণ খোলা থাকবে। তবে রাত সাড়ে ৮টার পর দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে ৮১টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে ৪৬৮টি প্রতিষ্ঠান। সব মিলিয়ে মেলায় ১ হাজার ১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।
বইমেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রকাশক ও লেখকদের সঙ্গে মতবিনিময় করেন।
