https://www.emjanews.com/

14044

jobs

প্রকাশিত

২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৩৯

চাকুরী

সেনাবাহিনীতে উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ পদে রদবদল

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৩৯

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর উচ্চপর্যায়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সেনা সদর থেকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে রোববারও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এনডিসির আগের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে নতুন কিউএমজি করা হয়েছে।

১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান এজি মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। এমআইএসটির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লগ এরিয়া জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান এই পদে থাকা মেজর জেনারেল মোস্তাগাউসুর রহমান খান স্বাভাবিক নিয়মে অবসরে যাচ্ছেন।

এর আগে রোববার লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) থেকে সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করা হয়েছে।

এছাড়া ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পিএসও পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।