দেয়ারওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হলেন মালয়েশিয়া প্রবাসী তাশদীদ
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ১৯:৫৯
ছবি: তাশদীদ হোসাইন চৌধুরী
বিশ্বের অন্যতম শিক্ষা বিষয়ক দাতব্য সংস্থা দেয়ারওয়ার্ল্ড-এর গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন ইউনিভার্সিটি কুয়ালালামপুর মালয়েশিয়ার শিক্ষার্থী তাশদীদ হোসাইন চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির ইয়ুথ টিম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
দেয়ারওয়ার্ল্ড-এর গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর প্রোগ্রামটি তরুণ শিক্ষা-অধিকার কর্মীর একটি বৈশ্বিক নেটওয়ার্ক। বিশেষভাবে প্রস্তুতকৃত প্রশিক্ষণ মডিউল, কর্মশালা ও বিভিন্ন রিসোর্সের মাধ্যমে সদস্যরা নিজেদের অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনিং দক্ষতা উন্নত করার সুযোগ পান।
১৩০টি দেশের তরুণরা এই প্রোগ্রামে যুক্ত হয়ে নিজ নিজ সম্প্রদায় ও দেশে পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করছেন এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করছেন।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের স্ত্রী সারা ব্রাউন-এর হাত ধরে ২০০২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশ্বব্যাপী শিক্ষা-সংকট ও তার সমাধান নিয়ে কাজ করে আসছে। সারা ব্রাউন বর্তমানে দেয়ারওয়ার্ল্ড-এর চেয়ার এবং গ্লোবাল বিজনেস কোয়ালিশন ফর এডুকেশন -এর এক্সিকিউটিভ চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটির ক্যাম্পেইন, অ্যাডভোকেসি ও কার্যক্রম পরিচালিত হচ্ছে এই বিশ্বাস থেকে যে- প্রতিটি শিশু জীবনের সেরা সূচনা, শেখার জন্য নিরাপদ পরিবেশ এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাওয়ার অধিকার রাখে। দেয়ারওয়ার্ল্ড’ বৈশ্বিক শিক্ষা সংকট নিরসনে এবং আগামী প্রজন্মের সম্ভাবনা উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ।
তাশদীদ মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংগঠন ইয়ুথ হাব-এর কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দীর্ঘদিন ধরে প্রতিটি শিশুর জীবনের সেরা সূচনা নিশ্চিত করা, শেখার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি, মানসম্মত শিক্ষা বিস্তার এবং ভবিষ্যতের জন্য দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি আইসিটি উদ্ভাবন ও সামাজিক প্রভাব তৈরিতে নিবেদিত; পাশাপাশি অলাভজনক কার্যক্রম, যুব উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন ।
